জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে পাটওয়ারী
ঢাকা–৮ আসনে ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া শেষে তিনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং তাঁর হত্যার বিচার দাবি জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা–৮ আসনে এমন একটি সমাজ গড়তে চান যেখানে খুন, নারী নির্যাতন ও বৈষম্যের কোনো জায়গা থাকবে না। তাঁর ভাষায়, তাঁরা একটি ন্যায়ভিত্তিক, মানবিক মর্যাদাসম্পন্ন ও সন্ত্রাস–দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান।
শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ইনসাফভিত্তিক রাজনীতি গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বিজয়নগরে গুলিতে নিহত হন শরিফ ওসমান হাদি। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই ২০২৪-এর গণ–অভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব।
এর আগে সকালে শাহবাগ, কাঁটাবন ও হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন তিনি। সেখানে তিনি বলেন, সংসদের বাইরেও সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

























