বগুড়ার মোকামতলা বন্দরে (শিবগঞ্জ) পথসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মাটি শুধু বিএনপির ঘাঁটি নয়, এটি দলের শক্ত ঘাঁটি আসন্ন নির্বাচনে বগুড়ার মানুষ সেটিই প্রমাণ করবে। আজ শুক্রবার বিকেলে বগুড়ার মোকামতলা বন্দরে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখন এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করেছে। এখনও অনেক কাজ বাকি রয়েছে, যা ভবিষ্যতে সম্পন্ন করার অঙ্গীকার করেন তিনি।
নিজেকে বগুড়ার সন্তান উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেতে তিনি সবার দোয়া চান।
পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলমসহ দলীয় নেতারা।
এর আগে তারেক রহমান বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি জানান, ভবিষ্যতে সুযোগ পেলে মসজিদটির অসম্পূর্ণ কাজ শেষ করে এটিকে বগুড়ার গর্ব হিসেবে গড়ে তোলা হবে।
দুপুরের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)–এর মাজার জিয়ারত করেন। রংপুরে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

























