ঢাকা   রোববার ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২০ জ্বিলহজ্জ ১৪৪৭

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়: জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আশরাফ আলী খানের নেতৃত্বে এবং এগ্রিবিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেনের সঞ্চালনায় ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসসংলগ্ন প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বার্তা প্রচার করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়নের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সম্পূর্ণ প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাইয়ুম সরদার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গঠনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।