ঢাকা   রোববার ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮

বিশ্ব বসতি দিবস কাল

জাতীয়

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ৪ অক্টোবর ২০২৬

বিশ্ব বসতি দিবস কাল

বিশ্ব বসতি দিবস কাল

আগামীকাল সোমবার বিশ্ব বসতি দিবস। প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।

এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

জাতিসংঘ ১৯৮৫ সালে অক্টোবর মাসের প্রথম সোমবারকে বিশ্ব বসতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এর পরের বছর, ১৯৮৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। ‘বাসস্থান আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে কেনিয়ার নাইরোবিতে প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। এরপর প্রতিবছর ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়ে আসছে।

এবারের বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামী ৫ থেকে ৮ অক্টোবর ওমানের রাজধানী মাসকাটে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে ‘আরবান অক্টোবর’-এর সূচনা হবে। একই সময়ে অনুষ্ঠিত ‘হোম অ্যান্ড বিল্ডিং এক্সপো’র সঙ্গেও বিশ্ব বসতি দিবসের আয়োজন যুক্ত থাকবে।

বাংলাদেশেও প্রতিবছর বিশ্ব বসতি দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

বিশ্ব বসতি দিবস উপলক্ষে আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসতি মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার উদ্বোধন করবেন।

এদিকে, দিবসটি উপলক্ষে আজ রাজধানীর জিয়া উদ্যানের (ক্রিসেন্ট লেক গ্লাস ব্রিজ) সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হবে। র‌্যালিতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিশ্ব বসতি দিবস নগরায়ণের প্রবণতা, চ্যালেঞ্জ ও টেকসই সমাধান সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি উন্নত বসবাসের পরিবেশ ও জীবনযাত্রার মান নিশ্চিত করতে শহর ও নগরের ভবিষ্যৎ গঠনে সবার দায়িত্ব ও অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে।

বাংলাদেশের প্রেক্ষাপটে দ্রুত নগরায়ণের চাপ মোকাবিলায় সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগর উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিক সুযোগ-সুবিধার সমন্বিত ব্যবস্থা গড়ে তোলাই এবারের বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্যের মূল তাৎপর্য।