ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও লেখেন, ‘এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যে কোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’
জানা গেছে, সন্ধ্যায় আসিফ নজরুল ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। গরমের কারণে তিনি জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যেতেই নীল রঙের টি-শার্ট পরা এক ছেলে ছোঁ মেরে ফোনটি নিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নামেন, তবে ছেলেটি দৌড়ে পালিয়ে যান।
























