ঢাকা   শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রাহায়ণ ১৪৩৩, ০৯ জমাদিউস সানি ১৪৪৮

নতুন এআই মডেল আনল গুগল

কম সময়ে জটিল কাজ, কম খরচে উন্নত ফলাফল

বিজ্ঞান ও প্রযুক্তি

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৮:২৪, ২০ নভেম্বর ২০২৬

কম সময়ে জটিল কাজ, কম খরচে উন্নত ফলাফল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জেমিনাই ৪ নিওন’ উন্মোচন করেছে গুগল

কোডিং, তথ্য বিশ্লেষণ কিংবা বৈজ্ঞানিক গবেষণার মতো জটিল কাজ এখন আরও দ্রুত ও কম খরচে করার লক্ষ্য নিয়ে নতুন এআই মডেল উন্মোচন করেছে গুগল। ‘জেমিনাই ৪ নিওন’ নামের এই মডেল একাধিক ধাপের জটিল কাজ পরিচালনা করতে সক্ষম বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। গতি, যুক্তি বিশ্লেষণ এবং ব্যয় তিন ক্ষেত্রেই আগের মডেলগুলোর তুলনায় উন্নত পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে এটি তৈরি করা হয়েছে।

গুগলের তথ্যমতে, সফটওয়্যার তৈরি, কোড লেখা, তথ্য বিশ্লেষণ এবং বৈজ্ঞানিক গবেষণাসহ বিভিন্ন পেশাগত কাজে দক্ষতার পরিচয় দিয়েছে জেমিনাই ৪ নিওন। স্বাধীন এআই মূল্যায়ন প্ল্যাটফর্ম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডেক্সে ৬১ স্কোর নিয়ে মডেলটি তৃতীয় অবস্থানে রয়েছে। যাঁদের নিয়মিত জটিল কাজের জন্য শক্তিশালী এআই প্রয়োজন, কিন্তু প্রতিটি কাজে সর্বোচ্চ সক্ষমতার মডেল ব্যবহারের প্রয়োজন নেই, তাঁদের কথা বিবেচনায় রেখেই এটি তৈরি করা হয়েছে।

গুগল জানিয়েছে, একাধিক ধাপে সম্পন্ন করতে হয় এমন কাজেও মডেলটি ভালো ফল দিচ্ছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় আগের মডেলগুলোর তুলনায় এর ভুল তথ্য তৈরির প্রবণতা কম পাওয়া গেছে। গুগলের দাবি, তাদের এ পর্যন্ত পরীক্ষা করা মডেলগুলোর মধ্যে জেমিনাই ৪ নিওনের ভুল তথ্য দেওয়ার হার সবচেয়ে কম।

কাজের গতিতেও রয়েছে উল্লেখযোগ্য উন্নতি। গুগলের দাবি, জেমিনাই ৪ কার্বনের তুলনায় প্রায় তিন গুণ দ্রুত কাজ করতে পারে নিওন। পিডিএফ, চার্ট, অডিও ও ভিডিও বিশ্লেষণ করে আর্থিক মডেল, প্রতিবেদন এবং গবেষণাপত্র তৈরির মতো কাজও দ্রুত সম্পন্ন করতে পারবে মডেলটি।

ব্যবহারের ক্ষেত্রে গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকেরা পর্যায়ক্রমে জেমিনাই অ্যাপ এবং গুগল অ্যান্টিগ্র্যাভিটির মাধ্যমে মডেলটি ব্যবহারের সুযোগ পাবেন। সফটওয়্যার নির্মাতারা গুগল এআই স্টুডিও এবং বিভিন্ন প্রতিষ্ঠান জেমিনাই ফর বিজনেসের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন। তবে বিনা মূল্যের জেমিনাই সংস্করণে আপাতত মডেলটি ব্যবহারের সুযোগ থাকছে না।

সম্পর্কিত বিষয়: