ঢাকা   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

ক্যাম্পাস

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২৭ অক্টোবর ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর

ব্র্যাক ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিক্সে মাস্টার অব সায়েন্স (এমএসসি) প্রোগ্রাম চালু হয়েছে। সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ প্রোগ্রামটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সরকার ১৭টি মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর কেনার উদ্যোগ নিয়েছে। মেডিকেল লিনিয়ার অ্যাক্সিলারেটর হলো এমন একটি যন্ত্র, যা ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা হয়। এই যন্ত্র থেকে উচ্চশক্তির এক্স-রে বা ইলেকট্রন রশ্মি টিউমারে প্রয়োগ করা হয়। এর মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। একই সঙ্গে আশপাশের সুস্থ টিস্যু যতটা সম্ভব সুরক্ষিত রাখা হয়।

মন্ত্রী আরও বলেন, দেশের আটটি বিভাগে আটটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। উপজেলা হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা বাড়িয়ে ১৫১ করা হবে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সেবা দেওয়ার জন্য প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে।

মেডিকেল ফিজিক্স প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি দেশের উন্নয়নে সব সময় সরকারের পাশে রয়েছে। 

অনুষ্ঠানে নতুন এই প্রোগ্রামটির সার্বিক চিত্র তুলে ধরেন এর কো-অর্ডিনেটর ও ব্র্যাক ইউনিভার্সিটির ম্যাথমেটিকস অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস (এমপিএস) এর প্রফেসর হাসিন অনুপমা আজহারী। তিনি বলেন, মেডিকেল ফিজিক্সে রোগ নির্ণয়, চিকিৎসা ও রোগ প্রতিরোধে পদার্থবিজ্ঞান ও প্রকৌশলবিদ্যার নীতির প্রয়োগ হয়।

তিনি বলেন, এটি দুই বছর মেয়াদি প্রোগ্রাম। চারটি সেমিস্টারে শিক্ষার্থীদের মোট ৪৮ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এর কারিকুলামে রেডিয়েশন অনকোলজি, ডায়াগনস্টিক ইমেজিং, নিউক্লিয়ার মেডিসিন ও রেডিয়েশন প্রোটেকশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে উন্নত চিকিৎসা প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার বিষয়গুলো শেখানো হবে।

তিনি আরও বলেন, প্রোগ্রামটির পাঠ্যক্রম আন্তর্জাতিক মানের। এতে ডোজিমেট্রি, চিকিৎসা পরিকল্পনা, মেডিকেল ইমেজিং, কোয়ালিটি অ্যাসুরেন্স ও গবেষণায় ক্লিনিক্যাল এবং ল্যাবরেটরিভিত্তিক শিক্ষা দেওয়া হবে। স্কয়ার হাসপাতাল লিমিটেড শিক্ষার্থীদের ক্লিনিক্যাল যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ দেবে বলে তিনি জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী বলেন, ব্রেইন সার্জন হিসেবে তাঁর চিকিৎসা কাজে মেডিকেল ফিজিসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মৃগীরোগের চিকিৎসায় তাঁরা মস্তিষ্কের নির্দিষ্ট অংশ শনাক্ত করতে সহায়তা করতেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস এবং এই প্রোগ্রামের এডভাইজার ড. এএফএম ইউসুফ হায়দার বলেন, জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে এই প্রোগ্রামে কাজ করতে তাদের আগ্রহ প্রকাশ করেছে।

এমপিএস বিভাগের চেয়ারপারসন প্রফেসর হাসিবুন নাহার বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে চিকিৎসা পদার্থবিজ্ঞানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়বে। পাশাপাশি এই ক্ষেত্রে দক্ষ পেশাজীবী গড়ে উঠবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, জার্মানির গুমার্সবাখ ইউনিভার্সিটি হাসপাতালের সাবেক পরিচালক ও প্রধান মেডিকেল ফিজিসিস্ট এবং এই প্রোগ্রামটির এডভাইজার ও কো-অর্ডিনেটর প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া; বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল প্রকল্পের পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ;  জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোস্তফা আজিজ সুমন এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মো. আকরাম হোসেন।

চিকিৎসা পদার্থবিজ্ঞানে এমএসসি প্রোগ্রাম চালুর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি-৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো)  এগিয়ে নিতে ভূমিকা রাখছে।