তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসাকে কেন্দ্র করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে বোটানি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে চারজন আহত হন। তাদের অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক আব্দুর রহমান তালুকদার। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
আব্দুর রহমান তালুকদার বলেন, ‘টিউশন শেষ করে ক্যাম্পাসে এসে ঝামেলা দেখে সেখানে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই চার-পাঁচজন আমাকে মারধর শুরু করে। এ সময় তারা ‘ওই সাংবাদিক সমিতির ওরে মার’ বলে চিৎকার করছিল। তখন আমার হাতে স্বাভাবিকভাবেই ফোন ছিল। রাকিব নামে একজন সেখানে ছিল, যাকে আমি ভালোভাবে চিনি। তারাও আমাকে মারধর করেছে।’
পরে খোঁজ নিয়ে জানা যায়, হামলায় অভিযুক্ত রোকনুজ্জামান রাকিব তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রাকিবের বক্তব্য পাওয়া যায়নি।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

























