নারিন্দা হ্যান্ডবল একাডেমির উদ্যোগে টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হবে
দেশের হ্যান্ডবল অঙ্গনে সাবেক খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, পুরোনো স্মৃতি ফিরিয়ে আনা এবং হ্যান্ডবলের ঐতিহ্যকে নতুন করে উদযাপনের লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘নারিন্দা হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬’। নারিন্দা হ্যান্ডবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং এটি হতে যাচ্ছে সাবেক খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও হ্যান্ডবল সংশ্লিষ্ট ব্যক্তিদের এক মিলনমেলা।
‘The Legacy Lives On, Creating Memories Once Again!’ — এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো হ্যান্ডবলের দীর্ঘদিনের ঐতিহ্য ও গৌরবকে নতুন করে উদযাপন করা। একই সঙ্গে সাবেক খেলোয়াড়দের একত্রিত করে তাঁদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও ক্রীড়াসুলভ মনোভাব আরও শক্তিশালী করা।
এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে দুটি বিশেষ পর্বে। প্রথম পর্বে আগামী ২৭ নভেম্বর ২০২৬, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে Player Auction (প্লেয়ার অকশন) । এই পর্বে নিবন্ধিত দলমালিকরা (Team Owners) নিলামের মাধ্যমে নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করে দল গঠন করবেন। অকশন পর্বকে কেন্দ্র করে দল গঠন, খেলোয়াড় নির্বাচন এবং প্রতিযোগিতার উত্তেজনা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হবে মূল Narinda Handball Tournament 2026। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ঢাকার পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টের। এতে অংশগ্রহণকারী দলগুলো নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা ও দলীয় সমন্বয়ের মাধ্যমে শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে সাবেক খেলোয়াড়রা আবারও একসঙ্গে মাঠে নামার সুযোগ পাবেন। ফিরে পাবেন পুরোনো সতীর্থদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো। পাশাপাশি নতুন করে তৈরি হবে বন্ধুত্ব, অভিজ্ঞতা বিনিময় এবং হ্যান্ডবলের প্রতি ভালোবাসার এক অনন্য পরিবেশ।
টুর্নামেন্টে অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের জন্য অনলাইন নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে দল গঠনে আগ্রহী ব্যক্তিদের জন্য টিম ওনার নিবন্ধনের সুযোগও রয়েছে।
নিবন্ধন ও প্রয়োজনীয় তথ্য:
• খেলোয়াড় নিবন্ধন:https://forms.gle/g4LyphppAai9et8D6
• টিম ওনার নিবন্ধন: https://forms.gle/36qS8Vcw7aHFqqBh9
অনুষ্ঠানের সময়সূচি:
• প্লেয়ার অকশন: ২৭ নভেম্বর ২০২৬
• অকশনের স্থান: নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়
• মূল টুর্নামেন্ট: ৪ ডিসেম্বর ২০২৬
• সময়: সকাল ৯টা
• ভেন্যু: জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম, পল্টন, ঢাকা
• আয়োজক: নারিন্দা হ্যান্ডবল একাডেমি
আয়োজকদের বিশ্বাস, এই উদ্যোগ শুধু একটি টুর্নামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নারিন্দার হ্যান্ডবল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। কারণ, কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তাঁদের গড়ে দেওয়া ঐতিহ্যও কখনো থেমে থাকে না।
এই বিষয়ে টুর্নামেন্ট কমিটির সহ - আহ্বায়ক ও নারিন্দা হ্যান্ডবল একাডেমির সাধারণ সম্পাদক আশিক ইকবাল হোসেন (শুভ) জানান নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ১৯৮৯ সাল থেকে নিয়মিত স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ও অন্যান্য টুর্নামেন্ট এ অংশগ্রহণ করে আসছে এবং ১৯৯১ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে।এখন নারিন্দা হ্যান্ডবল একাডেমি নিয়মিত দক্ষ খেলোয়াড় তৈরিতে কাজ করছে।আশা করা যায় ভবিষ্যতে নারিন্দা হ্যান্ডবল একাডেমি আরও উন্নতি করবে।এর জন্য প্রতিনিয়ত এমন টুর্নামেন্ট আয়জনের সুযোগ করে দেওয়া দরকার।

























