ডি কক ও রিকেলটনের জুটি | এএফপি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ সিরিজে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২২২ রানের লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায় প্রোটিয়ারা। কুইন্টন ডি ককের ঝোড়ো সেঞ্চুরিতে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
ডি কক খেলেছেন ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১০ ছক্কা ও ৬ চার। তাঁকে দারুণভাবে সঙ্গ দেন রায়ান রিকেলটন, যিনি ৩৬ বলে অপরাজিত ৭৭ রান করেন। দ্বিতীয় উইকেটে দুজনের ১৬২ রানের জুটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
এটি ডি ককের ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংস এবং প্রায় তিন বছর পর ঘরের মাঠে খেলা ম্যাচেই আসে এই সেঞ্চুরি। মজার বিষয়, তাঁর দুইটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিই এসেছে সেঞ্চুরিয়নে, দুবারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং দুবারই ২২০–এর বেশি রান তাড়া করতে গিয়ে।
এর আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে তোলে ২২১ রান। শিমরন হেটমায়ার ৭৫ ও শেরফান রাদারফোর্ড অপরাজিত ৫৭ রান করলেও বড় স্কোর রক্ষা করতে পারেনি ক্যারিবীয়রা। ম্যাচসেরা হন কুইন্টন ডি কক; সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামীকাল জোহানেসবার্গে।

























