ঢাকা   সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

পাকিস্তান সিরিজের দলে থাকছেন সাকিব আল হাসান

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩১, ৩০ জানুয়ারি ২০২৬

সর্বশেষ

পাকিস্তান সিরিজের দলে থাকছেন সাকিব আল হাসান

সাকিবকে আবারো জাতীয় দলে খেলানোর প্রচেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে আবারও নতুন করে আশার আলো দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের বর্তমান নেতৃত্ব প্রকাশ্যেই জানিয়েছে, ফর্ম ও ফিটনেস ঠিক থাকলে সাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি বিবেচনায় রাখা হবে। বিসিবির লক্ষ্য, আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজ দিয়েই তাঁকে আবার লাল-সবুজের জার্সিতে ফেরানো।

২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক অস্থিরতার পর থেকে সাকিব আর বাংলাদেশে ফিরতে পারেননি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হলেও বিভিন্ন মামলার কারণে দেশে ফিরলে গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছিল। সে কারণেই ২০২৪ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইচ্ছা পূরণ হয়নি তাঁর।

সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের সময় থেকেই সাকিবকে ফেরানোর চেষ্টা চলছিল। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ডেও বিষয়টি নিয়ে আগ্রহ ছিল শুরু থেকেই। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি উঠে আসে ২৪ জানুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায়। সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, জাতীয় দলে সাকিবকে আবার বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বোর্ড পরিচালক আসিফ আকবর জানান, সাকিবের দেশে ফেরা এবং জাতীয় দলে খেলার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, বোর্ড আশাবাদী যে মার্চে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে।

এই সিরিজ দিয়েই কি সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটবে—এ প্রশ্নে বিসিবি জানায়, সেটি পুরোপুরি খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের পক্ষ থেকে শুধু তাঁর ফেরার সুযোগ তৈরি করাটাই মূল লক্ষ্য। পাকিস্তান দল মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে। এরপর পিএসএল শেষে মে মাসে দুই টেস্টের সিরিজ খেলতে আবার বাংলাদেশ সফর করার কথা রয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে থেকেই সাকিব নিজেই জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের কাঠামোয় পরিবর্তনের কারণে এবার বিষয়টি বাস্তবায়নের সম্ভাবনা দেখছেন তিনি।

বিসিবির একটি অংশ মনে করছে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান বিবেচনায় তাঁকে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সুযোগ দেওয়া উচিত। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত সমাধান হলেই জাতীয় দলে ফেরার পথে বড় বাধা থাকবে না বলে ধারণা সংশ্লিষ্টদের। এর আগে সাবেক ক্রীড়া উপদেষ্টার বিরোধিতার কারণে বিষয়টি এগোয়নি। তবে বর্তমানে সেই বাধা না থাকায় বিসিবি ও সাকিব—দুজনই আশাবাদী।

এদিকে, নিউইয়র্কে অবস্থানরত সাকিব আল হাসান বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের পর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি আবার বাংলাদেশের হয়ে খেলতে চান। বোর্ড ও সরকারের আলোচনার মাধ্যমেই তাঁর দেশে ফেরা এবং জাতীয় দলে খেলার পথ সুগম হবে বলে আশা করছেন এই অলরাউন্ডার। পাকিস্তান সিরিজকেই লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ