আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল সংস্থার সভাপতি মেহদি তাজ জানিয়েছেন, নিরাপত্তা উদ্বেগের কারণে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আয়োজনের বিষয়ে তারা ফিফার সঙ্গে কথা বলছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারলেও তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় যুক্তরাষ্ট্রে খেলা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তার এই মন্তব্যের পরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানায় তেহরান।
মেক্সিকোতে অবস্থিত ইরান দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেহদি তাজ বলেন, যদি আয়োজক দেশের পক্ষ থেকেই জাতীয় দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, তাহলে সেখানে খেলতে যাওয়া কঠিন হয়ে পড়ে। তাই ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের সম্ভাবনা নিয়ে ফিফার সঙ্গে আলোচনা চলছে।
এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফিফার প্রতিক্রিয়া জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হওয়ার কথা ফুটবল বিশ্বকাপ। প্রাথমিক সূচি অনুযায়ী ইরানের গ্রুপ পর্বের দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা।
তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলা নিয়ে ইরানের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে দেশটির ক্রীড়ামন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন যে বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়া তাদের জন্য কঠিন হতে পারে।
অন্যদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আশা করছে ইরান বিশ্বকাপে অংশ নেবে। কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সাধারণ সম্পাদক উইন্ডসর জন বলেন, এখন পর্যন্ত ইরান ফুটবল ফেডারেশন তাদের বিশ্বকাপে অংশগ্রহণের পরিকল্পনার কথাই জানিয়েছে।
পরিস্থিতি কীভাবে এগোয়, তার ওপরই নির্ভর করছে ইরানের ম্যাচের ভেন্যু পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে কি না।

























