ঢাকা   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

ঘরোয়া লিগের সাফল্যই শেষ কথা নয়, শ্রীলঙ্কা জাতীয় দলে চাই আন্তর্জাতিক মানসিকতা : হিরান রাত্ন্যায়াকা

খেলাধুলা

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ১২ সেপ্টেম্বর ২০২৬

ঘরোয়া লিগের সাফল্যই শেষ কথা নয়, শ্রীলঙ্কা জাতীয় দলে চাই আন্তর্জাতিক মানসিকতা : হিরান রাত্ন্যায়াকা

খেলোয়াড়দের খেলার টায়ার বা লীগ মুখ্য নয় বলে আলোচনায় হিরান রাত্ন্যায়াকা

হিরান রাত্ন্যায়াকা পূর্বে শ্রীলঙ্কা সেনাবাহিনীর একজন মেজর ছিলেন এবং পরবর্তীতে এলিট স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে যোগ দেন। শ্রীলঙ্কা জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ডিফেন্ডার্স এফসি-এর জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। সম্প্রতি অন্য দেশ থেকে এসে নাগরিকত্ব পাওয়া (বংশোদ্ভূত) খেলোয়াড়দের শ্রীলঙ্কা দলে সুযোগ দেওয়ার বিষয়ে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়, যেখানে তিনি জানান যে তাদের ম্যানেজমেন্টের কাছে খেলোয়াড়দের খেলার টায়ার বা লীগ মুখ্য নয়, বরং তাদের যোগ্যতা ও দলের প্রতি অবদানই প্রধান।

ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করার পর তরুণ খেলোয়াড়দের জাতীয় দলে খেলার স্বপ্ন জাগা এবং সুযোগ না পেলে কিছুটা হতাশ হওয়াকে স্বাভাবিক মানবিক প্রক্রিয়া হিসেবেই দেখছেন শ্রীলঙ্কান এই টিম ম্যানেজার।

হিরান রাত্ন্যায়াকা বলেন, "মানুষ হিসেবে, বিশেষ করে তরুণ খেলোয়াড়দের মধ্যে কিছুটা হতাশা বা আক্ষেপ থাকা অবশ্যই স্বাভাবিক। আমি সেটা মেনে নিচ্ছি। কারণ একজন খেলোয়াড় যখন নিয়মিত নিজের স্থানীয় লিগে একটি নির্দিষ্ট পর্যায়ে ভালো পারফর্ম করে, তখন স্বাভাবিকভাবেই তার মনে হয়-এখন তাকে পরবর্তী ধাপে জাতীয় দলে যেতে হবে, খেলতে হবে। এটা একেবারেই স্বাভাবিক।"

জাতীয় দলের স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রথম এবং প্রধান কাজ দেশের জন্য সেরা একাদশ প্রস্তুত করা উল্লেখ করে তিনি স্থানীয় ফুটবলারদের নিজেদের খেলার মান আরও বাড়ানোর তাগিদ দেন।

রাত্ন্যায়াকা যুক্ত করেন, "জাতীয় দলের স্টাফ হিসেবে আমাদের প্রথমে দেশের কথা ভাবতে হবে। একজন স্থানীয় খেলোয়াড়েরও এই মানসিকতা থাকা উচিত যে আমাদের আরও ভালো করতে হবে, নিজেদের আরও উন্নত করতে হবে এবং আরও ভালো অবস্থানে যেতে হবে।"

দীর্ঘদিন ধরে জাতীয় দলের রক্ষণ সামলানো অভিজ্ঞ ফুটবলার সুজন পেরেরার উদাহরণ টেনে হিরান বলেন, "সুজন পেরেরার কথাই ধরুন, তিনি কিন্তু আমাদের জাতীয় দলের নিয়মিত সদস্য।" আন্তর্জাতিক ফুটবল উপযোগী মানসিকতা ও ধারাবাহিকতা বজায় রেখেই যে সুজন পেরেরা দলে নিজের স্থান ধরে রেখেছেন, তরুণদের সে পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি।