ঢাকা   শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩, ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

এডাস্টে ‘Fact-checking Methodology in the AI Era’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ক্যাম্পাস

মোঃ রায়হান

প্রকাশিত: ১৯:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

এডাস্টে ‘Fact-checking Methodology in the AI Era’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

এডাস্টে ‘Fact-checking Methodology in the AI Era’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অভূতপূর্ব প্রসারের ফলে তথ্য উৎপাদন ও বিনিময়ে যেমন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তেমনি বাড়ছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি। এই প্রেক্ষাপটে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীদের তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল ও পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দিতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এডাস্টে)-এ ‘Fact-checking Methodology in the AI Era’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য ডিসেন্ট’ (The Dissent)-এর সম্পাদক কদরুদ্দীন শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব এম. শামসুল আলম লিটন। তিনি বলেন, এআই প্রযুক্তির যুগে ফ্যাক্ট-চেকিংয়ের বাস্তব চ্যালেঞ্জ, অনলাইনে ছড়িয়ে পড়া গুজব শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কনটেন্টের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় মূল বক্তা কদরুদ্দীন শিশির তার বক্তব্যে দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার নানাবিধ দিক তুলে ধরেন।

তিনি তথ্যের বিভ্রান্তি জনিত তিনটি প্রধান ধারণা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং মালইনফরমেশন -এর তাত্ত্বিক ও ব্যবহারিক পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে অপতথ্য প্রতিরোধ এবং সত্য তথ্যকে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার চিহ্নিত করার কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের সুস্পষ্ট ধারণা দেন।

কর্মশালার সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সামসুল ইসলাম। বিভাগীয় উপদেষ্টা আলমগীর স্বাপন তাঁর বক্তব্যে এআই যুগে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মো. আব্দুল কাইউম সরদার।

অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর জুবায়ের আহমেদ ও প্রভাষক ফরহাদ আলমসহ অন্যান্য বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক কেয়া বোস।

এই কর্মশালাটি শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল মিডিয়া লিটারেসি, তথ্য যাচাইকরণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তবভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সময়োপযোগী একাডেমিক ও ব্যবহারিক উদ্যোগ অব্যাহত রাখবে।