ঢাকা   শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩, ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

গণমাধ্যম

বিডিটোন ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ২৮ আগস্ট ২০২৬

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।

বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী অন্যান্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনস্বার্থে জারি করা এই আদেশের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাসসের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কাদের গনি চৌধুরী সাংবাদিকতার অঙ্গনে এক সুপরিচিত নাম। তিনি দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৩ সালে দৈনিক দিনকাল পত্রিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক দিনকাল ছাড়াও দৈনিক ইত্তেফাক, দৈনিক আমার দেশ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাদার সাংবাদিক সংগঠনে নেতৃত্বের ক্ষেত্রে তিনি অত্যন্ত সক্রিয় ও জনপ্রিয়। তিনি বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)- এর মহাসচিব এবং জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা কাদের গনি চৌধুরী ব্যক্তি জীবনে এক কন্যা সন্তানের জনক।