প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজকে সংবর্ধনা
জার্মানি সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ-এর সম্মানে জার্মানিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সাইমুম পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপন খান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিশিষ্ট নেতা আওলাদ হোসেন, নজরুল ইসলাম এবং দেলোয়ার মোল্লা।
বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদল, জার্মানির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, রাজনৈতিক নেতাকর্মী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরুল ইসলাম পুন্য, রাজু, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ভূঁইয়া, সদস্য সচিব রুবেল, জাহিদ দেওয়ানসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী।
অনুষ্ঠানে বক্তারা ড. সাইমুম পারভেজ-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং বনায়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ড. সাইমুম পারভেজের অভিজ্ঞতা, দূরদর্শিতা ও নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বক্তারা তার মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে জার্মানীর এন আর ভি রাজ্যে একটি বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সেবা চালু করার জন্য আবেদন জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, পরিবেশ ও জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করতে এবং বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসার দাবিদার। তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে দেশের পরিবেশ ও জলবায়ু খাতে আরও ইতিবাচক পরিবর্তন সাধিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা আরও সমুন্নত হবে।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইমুম পারভেজ প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ড. সাইমুম পারভেজ-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও শুভকামনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা ড. সাইমুম পারভেজ-এর নেতৃত্বে পরিবেশ ও জলবায়ু খাতে বাংলাদেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

























