ফ্রাঙ্কফুর্টে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’
জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য এবং প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ঋতুরঙ্গ মেলা ২০২৬’।
শনিবার (১১ জুলাই) জার্মান বাংলা চ্যানেল অ্যাসোসিয়েশনের আয়োজনে ফ্রাঙ্কফুর্টের SAALBAU BORNHEIM মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতে বাঙালি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন জার্মান-বাংলা চ্যানেলের নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা কামরুল আহসান সেলিম।
মেলার অন্যতম আকর্ষণ ছিলেন জার্মানিতে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা। তাঁদের স্টলে দেশীয় পোশাক, শৈল্পিক পণ্য, সৌন্দর্যসামগ্রী এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল। উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজন শুধু পণ্য প্রদর্শনের সুযোগই তৈরি করে না, বরং নতুন ক্রেতা ও ব্যবসায়িক যোগাযোগ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় অংশ নেন স্মিতা মোতালেব (রেইনবো স্টার জার্মানি), নাদিয়া হোসেন (Blissful Beauty by Nadia), বকুল রহমান (মেরিন ফ্যাশন হাউস), মেহেদি আবেশ (তানজিয়া ফাইরুজ), তানিম রহমান টুম্পা (রিকস্টিউম জার্মানি), লিপিকা আহমেদ (লি’স ওয়ার্ড্রব), মিতা (মিষ্টি ছোঁয়া), রেবেকা (মোমো অ্যান্ড স্ন্যাক কর্নার), দীপা (চায়ের কাপে আড্ডা) এবং নুপুর পপি (পপি কর্নার)।
জামদানিসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পোশাক এবং দেশীয় খাবারের মাধ্যমে উদ্যোক্তারা দর্শনার্থীদের সামনে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মও বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।
মেলার সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত রবীন্দ্রসংগীতশিল্পী আঁখি হালদার দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া সংগীত পরিবেশন করেন তাপসী রায়।
নৃত্য পরিবেশন করেন লিপিকা আহমেদ এবং স্মিতা (ডান্স ওয়ার্ল্ড)। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্যভিত্তিক পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়ায়। কিবোর্ডে ছিলেন নয়ন গোপ এবং তবলায় অয়ন চৌধুরী। কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্যের সমন্বয়ে সাজানো সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাতেমা রহমান রুমা ও মুনীব রেজওয়ান।
আয়োজকদের ভাষ্য, ‘ঋতুরঙ্গ মেলা’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি প্রবাসী নারী উদ্যোক্তাদের জন্য নিজেদের উদ্যোগ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম। একই সঙ্গে প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সমন্বয়ে কাজ করেন জার্মান বাংলা চ্যানেলের প্রকাশক ও সম্পাদক ফাতেমা রহমান রুমা, উপদেষ্টা কামরুল আহসান সেলিম, নির্বাহী সম্পাদক দেলোয়ার জাহিদ বিপ্লব, গণমাধ্যম ব্যক্তিত্ব আসিফ ইকবাল এবং রায়হান জিলানী। মেলার পৃষ্ঠপোষক ছিল ফ্যামিলি বাজার ও পপি কিওস্ক।
অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মতে, এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং দেশীয় উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

























