চাঁদাবাজদের হাতে দেশ নিরপদ নয় বললেন জামাত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ক্ষমতার বাইরে থেকেও চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত, তারা ক্ষমতায় গেলে দেশের জনগণ আরও বেশি অনিরাপদ হয়ে পড়বে। আজ শুক্রবার নোয়াখালী জেলা স্কুল মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ জনসভায় জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে চায়। তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের দুঃশাসন দেশে আর ফিরে আসুক—এটা জনগণ চায় না।
শফিকুর রহমান জানান, আসন্ন নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ ভোট রয়েছে—সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং সংসদ নির্বাচনের ভোট। তাঁর ভাষায়, ‘হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি।’
গত ১৫ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, দলের শীর্ষ নেতাদের হত্যা, গুম, মিথ্যা মামলা ও সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার মাধ্যমে দমন-পীড়ন চালানো হয়েছে। তবে ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করা হবে না বলেও আশ্বাস দেন তিনি।
নারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, দেশের মায়েরা ও বোনেরা বুঝতে পেরেছেন তাঁদের নিরাপত্তা কার হাতে নিশ্চিত। আল্লাহ সুযোগ দিলে নারীদের ঘরে-বাইরে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৪ আসনের প্রার্থী ইসহাক খন্দকার। এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা এবং বিভিন্ন আসনের প্রার্থীরা বক্তব্য দেন। সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও নোয়াখালী-৩ আসনের প্রার্থী মো. বোরহান উদ্দিন।

























